আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতার জগতে একটি উল্লেখযোগ্য নাম। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক হিসেবে তাঁর জীবন বেশ বর্ণাঢ্যময়। তিনি ১৯৪৪ সালের ৬ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়ার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহযোগী, মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিয়ার দ্বিতীয় পুত্র। তাঁর মায়ের নাম মজিদা বেগম।
আনোয়ার হোসেন মঞ্জুর শিক্ষাজীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর স্নাতকোত্তর করেন।
ছাত্রজীবনে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন। ১৯৬৬–৬৭ সালে তিনি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ১৯৬৭–৬৮ সালে সভাপতি নির্বাচিত হন। ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি ১৯৬৬ সালে দৈনিক ইত্তেফাকে যোগ দেন এবং ১৯৭১–৭২ সাল থেকে দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক, প্রকাশক ও উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডসহ একাধিক শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
আনোয়ার হোসেন মঞ্জু সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
আনোয়ার হোসেন মঞ্জুকে ঘিরে সাক্ষাৎকার, আলোচনা ভিডিওসমূহ।